সাহসিকতা, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, সততা ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পাচ্ছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম। আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসমা সিদ্দিকা ২০১৮ সালের ৫ মার্চ রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ওই বছরেই তিনি পুলিশ সপ্তাহ ২০১৮ তে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন। আসমা সিদ্দিকা মিলি, বিপিএম মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার দারিয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এমএ হামিদ মিয়া ও রিজিয়া খানমের মেয়ে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২৪তম বিসিএসে তিনি উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন আসমা সিদ্দিকা মিলি, বিপিএম। বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি জাতিসংঘ শান্তি মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডি আর কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি জাতিসংঘ শান্তিপদকে ভূষিত হন।
২০১৭ সালে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাচ প্রাপ্ত হন। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, পরিশ্রম করি, নিষ্ঠার সাথে কাজ করি, আর সে কাজের স্বীকৃতি পেলে অবশ্যই ভালো লাগার বিষয়। তবে আমার টিমওয়ার্ক রাজবাড়ী জেলা পুলিশের সব সদস্যের কঠোর পরিশ্রমের ফসল এটি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন